মালদা

মননোয়ন পত্র প্রত্যাহারের জন্য নির্দল প্রার্থীদের হুমকি, ঘটনায় অভিযুক্ত মানিকচক থানার এক পুলিশ অফিসার

নির্দল প্রার্থীদের মননোয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল মানিকচক থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এমনটাই জানালেন অভিযোগকারী দুই নির্দল প্রার্থী।

        চৌকি মিরদাদপুর গ্রামপঞ্চায়েতের ১৪১ নম্বর আসনে নির্দল প্রার্থী হিসাবে মননোয়ন দিয়েছেন খালেদা খাতুন বিবি এবং মানিকচক পঞ্চায়েত সমিতির ২৭ নম্বর আসনে নির্দল প্রার্থী হয়েছেন মহম্মদ ইসরাফিল। এদের অভিযোগ ২৬ তারিখ রাতে তারা যখন গ্রামের মানুষদের নিয়ে বৈঠক করছিলেন সেই সময় মানিকচক থানার এক পুলিশ অফিসার পুলিশের গাড়ি করে গ্রামে আসেন এবং ভিলেজ পুলিশ মারফৎ তাদের জানানো হয় প্রার্থী পদ প্রত্যাহার করতে হবে নইলে পুলিশ তাদের তুলে নিয়ে যাবে। এর ফলে চরম আতঙ্কিত হয়ে পরেন ওই দুই নির্দল প্রার্থী। এরপর গ্রামবাসীদের সহায়তায় ২৭ তারিখ দুপুরে মানিকচক ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান তারা। এবং ওই দিন সন্ধ্যার সময় জেলা শাসককেও একই অভিযোগ জানান ওই প্রার্থীরা। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

        এই ঘটনায় নির্দল প্রার্থী খালেদা খাতুন বিবি  ও তার স্বামী মহম্মদ ফারুক অভিযোগ করে বলেন, ২৬ তারিখ রাতে গ্রামের এক সভায় তারা যখন ব্যস্ত সেই সময় মানিকচক থানার এক পুলিশ অফিসার পুলিশের গাড়ি করে আসেন। এবং তাদের খোঁজ করেন। সেই সময় ভিলেজ পুলিশ মারফত তাদের খবর দেওয়া হয়, পঞ্চায়েত নির্বাচনে তাদের নাম প্রত্যাহার করতে, না হলে তাদের উঠিয়ে নিয়ে যাওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

        এই বিষয়ে অপর এক নির্দল প্রার্থী মহম্মদ ইসরাফিল অভিযোগ করে বলেন, আমরা প্রায় আটটা নাগাদ সমস্ত নির্দল প্রার্থীরা বসে ছিলাম। সেই সময় একটি পুলিশের গাড়ি আসে। সেই গাড়ি থেকে তাদের জানান হয়, সমস্ত নির্দল প্রার্থীরা যেন তাদের নাম তুলে নেয়, উপর মহল থেকে অর্ডার আছে।